সারা বাংলা

সুন্দরবনের জলদস্যু দলের প্রধান জাহাঙ্গীর আটক, অস্ত্র উদ্ধার 

সুন্দরবনের একটি জলদস্যু দলের প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে ‘মেজো জাহাঙ্গীর’কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। সোমবার (১১ মে) মধ্যরাত ১টার দিকে সুন্দরবনে চালানো বিশেষ অভিযান তাকে আটক করে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

তিনি বলেন, “সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব জলদস্যু দলের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থান বজায় রেখেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শিরোনামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় কোস্ট গার্ড ‘অপারেশন ম্যাংগ্রোভ শিল্ড’-এর চতুর্থ পর্ব পরিচালনা করে খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর আদাচাই বন অফিস সংলগ্ন কালি খাল এলাকা থেকে মেজো জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে আটক করে।” 

কোস্ট গার্ডের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেস মোংলা থেকে বিশেষ দল সোমবার মধ্যরাত ১টার দিকে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক ও পাঁচটি তাজা কার্তুজসহ তাকে আটক করে। আটক জলদস্যু মো. জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীর নড়াইল জেলার নাড়াগতি থানার বাসিন্দা।

অভিযোগ উঠেছে, জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এই দলটির নেতৃত্ব দিচ্ছিলেন এবং সুন্দরবনে জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ ডাকাতির সঙ্গে জড়িত। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।