অর্থনীতি

তালিকাভুক্ত হলো ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে আজ মঙ্গলবার (১২ মে) থেকে তালিকাভুক্ত হয়ে যাত্রা শুরু করলো ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড। এ নিয়ে ডিএসইর অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১০টি।

মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকাভুক্ত হয়ে বন্ডটি ডিএসইর এটিবি প্ল্যাটফর্মে ‘পি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। বন্ডটির ট্রেডিং কোড নির্ধারণ করা হয়েছে ‘BBL2NDSB’ এবং স্ক্রিপ কোড ‘৫৫০০৮’।  ৭০০ কোটি টাকা আকারের বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং ন্যূনতম সাবস্ক্রিপশন সাইজ ১০ লাখ টাকা। বন্ডটির বার্ষিক কুপন হার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫৯ শতাংশ। যা অর্ধ-বার্ষিক ভিত্তিতে পরিশোধ করা হবে।

বন্ডটি নন-কনভার্টিবল, সম্পূর্ণ রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট, আনসিকিউরড ও সাবঅর্ডিনেটেড। বন্ডটির ইস্যু তারিখ ছিল ২০২৪ সালের ১১ মার্চ এবং বর্তমানে এর অবশিষ্ট মেয়াদ রয়েছে প্রায় ৪ বছর ১০ মাস। রিডেম্পশন পদ্ধতি অনুযায়ী, ইস্যুর তৃতীয় বছর শেষে অর্থাৎ ২০২৭ সালের ১১ মার্চ থেকে প্রতি বছর ১১ মার্চ ধাপে ধাপে (বার্ষিক) বন্ডটির টাকা পরিশোধ শুরু হবে।

বন্ডটির লেনদেন শুরুর প্রথম দুই কার্যদিবসে সার্কিট ব্রেকার ৪ শতাংশ। এর মধ্যে প্রথম কার্যদিবসে মূল্য নির্ধারণ হবে কমপক্ষে ১০ শতাংশ ডিসকাউন্ট রেটে গণনা করা বর্তমান মূল্যের ভিত্তিতে এবং দ্বিতীয় কার্যদিবসে রেফারেন্স মূল্যের ওপর। তৃতীয় কার্যদিবসে বন্ডটির লেনদেন স্থগিত থাকবে এবং চতুর্থ কার্যদিবস থেকে নিয়মিত ৫ শতাংশ সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে।