রপ্তানিমুখী শিল্পের স্থানীয় সরবরাহকারীদের জন্য নতুন অর্থায়ন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় স্থানীয়ভাবে পণ্য সরবরাহের বিপরীতে তৈরি হওয়া ইউস্যান্স বা ডিফার্ড বিল মেয়াদ শেষ হওয়ার আগেই বৈদেশিক মুদ্রায় কিনতে বা ডিসকাউন্ট করতে পারবে ব্যাংকগুলো।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
ইউস্যান্স বিল হলো পণ্য সরবরাহের পর সাধারণত ৩০, ৯০ বা ১২০ দিনের সময়সীমা দিয়ে বিল করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাক-টু-ব্যাক এলসি ব্যবসায়ীদের নগদ চাপ কমাতে এটি ব্যবহৃত হয়।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-গ্রাহক সম্পর্ক, প্রচলিত ব্যাংকিং চর্চা এবং যথাযথ যাচাই-বাছাই সাপেক্ষে ব্যাংকগুলো স্বীকৃত ইউস্যান্স বা ডিফার্ড বিল ক্রয় বা ডিসকাউন্ট করতে পারবে। অর্থাৎ বিলের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরবরাহকারী প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় অর্থ পেয়ে যাবে।
নতুন এ সুবিধার ফলে বিশেষ করে তৈরি পোশাক খাতের স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিলের বিপরীতে দ্রুত অর্থ পাবে। এতে তাদের চলতি মূলধনের চাপ কমবে এবং ব্যবসার নগদ প্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে। এতদিন এ সুবিধা কেবল বিদেশ থেকে আমদানি করা পণ্যের বিপরীতে ইউস্যান্স বিলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।