অর্থনীতি

আজ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে ক্রেতা-সমাগম ও কেনাকাটার চাপ বিবেচনায় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানোর জন্য সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছে।

সমিতি জানিয়েছে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।