তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘‘বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে দেশের উন্নয়নে সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন চাই। বিরোধীদলের এমপি থাকলে এলাকার উন্নয়ন হবে না, তা ভুল প্রমাণ করেছেন বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান।’’
মঙ্গলবার (১২ মে) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘‘খাল খনন কর্মসূচি এই উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে। বতর্মান সরকার কঠিন সময় পার করছে। আমাদের অর্থের অভাব আছে। বিগত সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। কাজেই সরকারি অর্থের অপচয় করা এই সরকারের সম্ভব নয়।’’
এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘‘এই আসনে (ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা) ধানের শীষ বিজয়ী হতে পারেনি, তবুও আমরা উন্নয়নের ছোঁয়ায় এই এলাকাকে আবদ্ধ করতে চাই। খাল খনন করেছি, রাস্তার উন্নয়ন হবে, মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিসসহ সব ধরনের উন্নয়ন হবে এই এলাকায়। এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই।’’
সভায় ময়মনসিংহ-২ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারাকান্দায় কর্মসূচি পালন শেষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৈচাপুর ইউনিয়নের খাল খনন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।