সারা বাংলা

নির্মাণাধীন মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

বরগুনার পাথরঘাটায় নিজ বাড়ির পাশে নির্মাণাধীন মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আতিকুর রহমান শাহীন ওই এলাকার গনি মেম্বারের ছেলে। তিনি পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়রা জানিয়েছেন, নিজ বাড়ির পাশে নির্মাণাধীন একটি মসজিদে মোটরের মাধ্যমে পানি দিচ্ছিলেন শাহীন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাখাল বিশ্বাস অপূর্ব জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আইনি ও হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে শাহীনের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।