নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে গোসলে নেমে সীমা খানম (১৪) বাকপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছিল। ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার (১২ মে) দুপুরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
গত রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে নানির সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে সীমা। নানি সীমার হাত ধরে রাখলেও একপর্যায়ে ফসকে গিয়ে নিখোঁজ হয় সে। সীমা সাঁতার জানত না। এর পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সীমার সন্ধান পাননি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মধুমতি নদীতে সীমার সন্ধানে উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়। মঙ্গলবার (১২ মে) দুপুরে পার্শ্ববর্তী কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চরে সীমার লাশ ভাসতে দেখে গ্রামবাসীরা সীমার পরিবারকে জানায়। পরে গ্রামবাসী সীমার লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলম লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।