সারা বাংলা

অভয়নগরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

যশোরের অভয়নগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানকে হত্যার প্রতিবাদে বুধবার (১৩ মে) সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। হরতালের সমর্থনে নওয়াপাড়া বন্দর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নওয়াপাড়া বাজারের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে স্টেশন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনী সর্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, সমিতির সহ-সভাপতি মশিউর রহমান মশি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন রবি, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মজিবর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সদস্য নুর আলম পাটোয়ারী বাবু এবং শ্রমিক নেতা রফিকুল ইসলাম বাঘা। সঞ্চালনা করেন অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব।

বক্তারা আনিসুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবারের হরতাল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেওয়ার দাবি জানান তারা।