সারা বাংলা

র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গেয়ে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত র‍্যাব-৯ এর অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, খাগাতোয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদির (৬২), মো. রাহিম আহমেদ (২০), আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), নুর আলম ওরফে নুরনবী (১৯) এবং ছানোয়ারা বেগম (৪৮)।

র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে র‍্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এ সময় র‍্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়। এ সময় এক র‍্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালায় র‍্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদির রয়েছে। তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।