সারা বাংলা

গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিঠি

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি গাজীপুর সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। 

চিঠিতে লেখা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সুনিদিষ্ট তথ্য-প্রমাণকের আলোকে জবুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্তকৃত), গাজীপুর সিটি করপোরেশন কর্তৃক লিখিত আবেদন করা হয়েছে। 

বর্ণিতাবস্থায়, গাজীপুর সিটি করপোরেশনে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার (চঃ দাঃ) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণপূর্বক জরুরিভিত্তিতে এ বিভাগকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’

সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে গাজীপুর পৌরসভায় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে যোগ দেন গোলাম কিবরিয়া। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হলে কৌশলে অফিসের অধস্তন কর্মকর্তা কর্মচারীদের বদলি, বরখাস্ত ও চাকরিচ্যুতির মাধ্যমে নিজের আধিপত্য বিস্তার করেন। ভুয়া ভাউচারে পারদর্শী হওয়ায় অল্প সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার সৃজন করে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও দেশে বিদেশে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসেবে রক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, “আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে পারব না। আমাদের সিইও, সচিব ও প্রশাসক মহোদয়ের কাছ থেকে বক্তব্য নেন।” 

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান বলেন, “আমরা গতকাল চিঠিটি হাতে পেয়েছি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে তা খোঁজ নিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটিই হোক এটি বোর্ডের মাধ্যমে প্রশাসক রয়েছেন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।”