অর্থনীতি

একনেকে উঠছে ইসির ৫০০ কোটি টাকার প্রকল্প

ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি ডাটাবেজ সংরক্ষণ এবং ভোটের সরঞ্জাম নিরাপদ রাখতে প্রায় ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনি ডাটাবেজের জন্য উপজেলা বা থানা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয় ও সার্ভার স্টেশন নির্মাণ শীর্ষক এ প্রকল্পটি বুধবার(১৩ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৯২ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস, তিনটি জেলা নির্বাচন অফিস এবং ৪৫টি উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণ করা হবে। পাশাপাশি ১৬টি মেট্রোপলিটন থানার জন্য ফ্লোর স্পেস কেনা হবে। এসব স্থাপনায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যালট পেপার, ব্যালট বাক্স, ইভিএম, ভোটার নিবন্ধন ফরমসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

নির্বাচন কমিশন বলছে, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পাশাপাশি ভোটার তালিকা প্রণয়ন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং নির্বাচনি ব্যবস্থাপনা পরিচালনায় নির্ভরযোগ্য তথ্যভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজন থেকেই প্রকল্পটি নেওয়া হয়েছে।

ইসি জানায়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম চালু করা হয়। এর মাধ্যমে দেশে একটি কেন্দ্রীয় নাগরিক তথ্যভান্ডার তৈরি হয়, যা বর্তমানে নাগরিক পরিচয় যাচাইয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে ভুয়া ভোটের প্রবণতাও কমেছে।