রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে জিপ উল্টে মো. সালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মো. বেল্লাল (৩৮) নামে একজন।
মঙ্গলবার (১২ মে) রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সালাম রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত বেলাল একই এলাকার মো. কবির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকা থেকে হলুদ নিয়ে একটি জিপ নিচের দিকে নামছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। গুরুতর আহত হন দুইজন। স্থানীয় লোকজন আহতদের রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন। আহত বেল্লালকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।