সারা বাংলা

দুই মাসে হাম উপসর্গে রামেকে ৫৫ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি এক হাজারে ঠেকল। এর মধ্যে সুস্থ হয়েছে ৮৪২ শিশু। একই সময়ে হাম ও উপসর্গে মারা গেছে ৫৫ শিশু।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে বুধবার (১৩ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ শিশু ভর্তি হয়েছে। গতকাল পর্যন্ত মোট ৯৯০ শিশু ভর্তি হন। তবে এখন হাসপাতালে ১০৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় আছে। সর্বশেষ গত ৬ মে হাসপাতালে হাম উপসর্গে এক শিশু মারা যায়।

ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাম উপসর্গে মৃত্যু কমে আসলেও হাসপাতালে ভর্তি কমছে না। প্রতিদিন হাম উপসর্গে রোগী আসছে। চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা করছেন চিকিৎসা দিতে। মৃত্যু এসেছে। আশা করা যায়, রোগী ভর্তিও কমে আসবে।