মাঠের ব্যর্থতা, ড্রেসিংরুমের অস্থিরতা আর সংবাদমাধ্যমের লাগাতার সমালোচনার মধ্যে নতুন করে আলোচনায় রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। বরং নিজের অবস্থান আরও শক্ত করতে নির্বাচনের ডাক দিয়েছেন এই অভিজ্ঞ কর্তা।
মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে হাজির হয়ে ৭৯ বছর বয়সী পেরেজ বলেন, তার বিরুদ্ধে এবং রিয়াল মাদ্রিদের স্বার্থের বিরুদ্ধে স্পেনের একাংশের সংবাদমাধ্যম পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। সেই পরিস্থিতিতেই তিনি নতুন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।
পেরেজ বলেন, “দুঃখিত, আমি পদত্যাগ করছি না। আমি নির্বাচন ডাকছি। পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী কমিটিকে কাজ শুরু করতে বলেছি। বর্তমান বোর্ডও নির্বাচনে অংশ নেবে।”
তিনি আরও বলেন, রিয়াল মাদ্রিদ কোনো একক মালিকের ক্লাব নয়। এটি এক হাজার সদস্যের ক্লাব। তাদের স্বার্থ রক্ষার জন্যই তিনি লড়াই চালিয়ে যাবেন।
সম্প্রতি তাকে নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এমনকি তিনি ক্যান্সারে আক্রান্ত বলেও খবর প্রকাশিত হয় কিছু গণমাধ্যমে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করে পেরেজ বলেন, তার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে এবং তিনি একইসঙ্গে রিয়াল মাদ্রিদ ও নিজের ব্যবসা পরিচালনা করছেন।
এই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। রোববার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ২-০ গোলে হারের পর কাতালানরা নিশ্চিত করে লা লিগার শিরোপা। টানা ২ মৌসুম বড় ট্রফিহীন থাকল রিয়াল, যা গত ২০ বছরে প্রথম।
মৌসুমের মাঝপথে কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করে দায়িত্ব দেওয়া হয় আলভারো আরবেলোয়াকে। তবে মাঠের বাইরে অস্থিরতা আরও বেড়েছে। এল ক্লাসিকোর আগে সংবাদমাধ্যমে ফাঁস হয়, অনুশীলন ও ড্রেসিংরুমে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে দুজনকেই ৫ লাখ ইউরো জরিমানা করে ক্লাব।
যদিও খেলোয়াড়দের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি পেরেজ। তার ভাষায়, খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয়, তবে এবারই প্রথম সেটি সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে।
সংবাদ সম্মেলনে আরেকটি বিস্ফোরক অভিযোগও আনেন পেরেজ। তিনি জানান, বার্সেলোনার বিরুদ্ধে চলমান নেগ্রেইরা কাণ্ড নিয়ে উয়েফার কাছে গুরুত্বপূর্ণ নথি জমা দেবে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে বার্সেলোনার বিপুল অর্থ পরিশোধের ঘটনাকে বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি বলে উল্লেখ করেন পেরেজ।
যদিও বার্সেলোনা সবসময়ই কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ক্লাবটির দাবি, তারা শুধুমাত্র রেফারিদের কারিগরি বিশ্লেষণ প্রতিবেদন পাওয়ার জন্য অর্থ দিয়েছিল।
২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতির দায়িত্বে আছেন পেরেজ। নানা বিতর্ক, সমালোচনা আর চাপের মধ্যেও এবার তিনি স্পষ্ট করে দিলেন- লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই।