রাজনীতি

পিন্টু হত্যার বিচার এ মাটিতেই হবে: হামিদ

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেছেন,“সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু হত্যার বিচার এ মাটিতেই হবে।”

তিনি বলেন, “পিন্টু ভাইয়ের বিচার যদি না হয়, তাহলে আমাদের কপাল পুড়বে। উনার মতো নেতা আমরা আর পাইনি, ভবিষ্যতে পাব কি না জানি না।”

বুধবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে পিন্টুর ১১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান হামিদ জানান, পিন্টুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। ঢাকা-৭ আসনের জনগণের জন্য পিন্টু যে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে গেছেন, সেগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।

তিনি বলেন, “লালবাগ, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকায় পিন্টু ভাই যে কাজগুলো করেছেন, আমি সব সময় তাকে স্মরণ করি। আজ তিনি নেই, কিন্তু তার আদর্শ ও কর্মধারা আমাদের সামনে পথ দেখাচ্ছে।”

অনুষ্ঠানে তিনি পিন্টু হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ফেরদৌসি আহাম্মেদ মিষ্টির প্রতি ইঙ্গিত করে বলেন, “প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামের প্রশংসা করে হামিদ বলেন, “প্রশাসক আমাকে বলেছেন, এলাকার উন্নয়নে যা যা করা দরকার সবই করতে। আমরা চাই তার হাত আরো শক্তিশালী হোক।”

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ফেরদৌসি আহাম্মেদ।