সারা বাংলা

রাঙামাটিতে ২ গরু বিক্রেতার আড়াই লাখ টাকা খোয়া

ঈদুল আযহা সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশুর হাটে মলম পার্টি সক্রিয় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে মারিশ্যা বাজারে দুই গরু বিক্রেতা মলম পার্টির খপ্পরে পড়ে প্রায় আড়াই লাখ টাকা খুঁইছে। 

উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ছলিমুল্লাহ ৬১ হাজার টাকায় একটি গরু বিক্রি করেন। প্রতারক চক্র কৌশলে তার কাছ থেকে পুরো টাকা হাতিয়ে নেয়। তিনি প্রতারক চক্রের খপ্পরে পড়ার পর বাজারে অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একই কৌশলে এক গরু বিক্রেতার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ঈদকে সামনে রেখে দুর্বৃত্তরা হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে বিক্রেতাদের টার্গেট করছে। 

স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘‘প্রতারক চক্র দুই ব্যবসায়ীর কাছ থেকে সব মিলিয়ে ২ লাখ ৪১ হাজার নিয়ে গেছে। একজনের সন্ধান পেলেও আরেক ব্যবসায়ী বর্তমানে কোথায় আছে, কেউ জানি না।’’  

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি পুলিশের নজরে এসেছে। হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ মাঠে কাজ করছে। একই সঙ্গে নগদ টাকা বহনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।