শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূলধন বৃদ্ধি করতে পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের যে বাধ্যবাধকতা ছিল, সে বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত ব্যাংকের লভ্যাংশ হিসাব সংরক্ষণ করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (১২ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৩তম কমিশন সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (১৩ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এবং পুনর্গঠিত পরিচালনা পর্ষদের যদি যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ না থাকে বা নিচে নেমে যায়; সেক্ষেত্রে সেটি মূলধন বৃদ্ধি বা ক্যাপিটাল রেইজিং (রাইট, বোনাস ইত্যাদি) এর জন্য যে বাধা ছিল, তা থাকবে না মর্মে নোটিফিকেশন ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরিভুক্ত ব্যাংক তার নিজস্ব ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট সংরক্ষণ করতে পারবে মর্মে নির্দেশনা জারির সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিগত বছরের ন্যায় এ বছরও ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।