জাতীয়

মোসলেহ উদ্দিন সভাপতি, শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

পুলিশ সপ্তাহ ২০২৬–এর চতুর্থ ও শেষ দিনে বুধবার (১৩ মে) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী পনেরো দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবেন।

অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ বর্তমানে সিআইডি প্রধানের দায়িত্বে আছেন। আর ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী। গত ৩০ এপ্রিল তাঁকে ঢাকা জেলার পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়। তিনিই ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার।