জাতীয়

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি

সরকারি ক্রয় কার্যক্রমকে আরো ফলপ্রসূ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

গত ১২ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন বাণিজ্যমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে সুপারিশ দেবে নতুন এই কমিটি। পাশাপাশি ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’ পর্যালোচনা করে সেগুলোকে আরো কার্যকর করার প্রস্তাব দেবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অর্পিত দায়িত্বও পালন করবে কমিটি। প্রয়োজন অনুযায়ী সভা হবে এবং চাইলে নতুন সদস্য কো-অপ্ট করা যাবে। সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।