জাতীয়

বিনিয়োগ আরো বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতকে আরো টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে ‘সেকেন্ড বাংলাদেশ চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাক শিল্পকে পরিবেশবান্ধব করতে চীনের বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনী সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চীনের শিল্পায়ন, প্রযুক্তি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্য মূল্যবান উল্লেখ করে তিনি চীনা উদ্যোক্তাদের অর্থবহ বিনিয়োগের আহ্বান জানান।

তিনি জানান, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে চীনা প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানো দরকার। বন্ধ রাষ্ট্রীয় মিল-কারখানা পুনরুজ্জীবন, পাটখাতের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পায়নে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী।

বাংলাদেশে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সবুজ সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি পানি, বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করে শিল্পকে আরো প্রতিযোগিতামূলক ও টেকসই করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া বিজিএমইএ পরিচালক শাহ রায়ীদ চৌধুরী, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, বিজিবিএ সভাপতি আব্দুল হামিদ পিন্টুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর মন্ত্রী এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।  

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের শীর্ষ টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী ও প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন। পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শনীর পাশাপাশি থাকছে সেমিনার ও প্যানেল আলোচনা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। মেলা শেষ হবে ১৬ মে।