ঢাকার আশুলিয়ায় আলোচিত এক ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৩ মে) দুপুরে এক বার্তায় এ তথ্য জানান র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় যশোরের মনিরামপুর উপজেলার গাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় থাকতেন।
র্যাব জানায়, ভুক্তভোগী নারী (৩১) আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করায় বেশির ভাগ সময় কর্মস্থলে অবস্থান করতেন। এ সুযোগে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে র্যাব জানায়, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভুক্তভোগী বাসায় একা থাকাকালে ফারুক হোসেন জোর করে ঘরে প্রবেশ করেন। পরে দরজা বন্ধ করে তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর সামাজিক মানসম্মানের ভয়ে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখেন। তবে পরবর্তী সময়ে আসামির অব্যাহত হয়রানির কারণে তিনি আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব জানায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মামলার পর আসামিকে গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যশোর থেকে গ্রেপ্তার করা হয়।
ফারুক হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।