ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমান। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতি ও আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত বলবৎ থাকবে।
পদে থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমান এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।