ক্যাম্পাস

নোবিপ্রবির ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক গোলাম রব্বানী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (১৪ মে) নোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর মধ্যে সরকারি চাকরির অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক গোলাম রব্বানী এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ নিয়োগের মাধ্যমে নোবিপ্রবিতে নতুন প্রশাসনিক নেতৃত্বের যাত্রা শুরু হলো।