সারা বাংলা

দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনতাই

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। তারা দুজনেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক কারবারিকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে অন্য কারবারিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।