চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ বিহারী কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমি আক্তার (১১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কে এম বাকী বিল্লাহ সবুজ।
তিনি জানান, রেশমির মাথায় ঢুকে থাকা গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত করেছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গত ৭ মে রাতে মায়ের জন্য পান কিনতে বাসা থেকে বের হয়েছিল রেশমি। পরিবারের সদস্যরা জানান, ঘরের কাছেই দোকানে যাওয়ার কথা ছিল তার। কিন্তু, ওই সময় এলাকায় দুর্বৃত্তদের গোলাগুলির মধ্যে পড়ে যায় শিশুটি। একটি গুলি তার বাম চোখ ভেদ করে মাথার ভেতরে ঢুকে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে শয্যা না থাকায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে আবার চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর পর থেকেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিল রেশমি।
পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গোলাগুলিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।