খেলাধুলা

সিলেটে সাদমানের জায়গায় জাকির

২০১৪ সালের পর আবার জাতীয় দলে জাকির হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে ডাকা হয়েছে। সাদমান ইসলামের চোটে জাকিরকে দলে নেওয়া হয়েছে। আজ সকালেই দলের সঙ্গে যোগ দিয়ে সিলেটে অনুশীলন করেন জাকির।

তখন থেকেই ফিসফাস চলছিল, জাকির হাসান টেস্ট দলে। সন্ধ‌্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জাকিরের অন্তর্ভূক্তি নিশ্চিত করে। 

মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় বুকে চোট পাওয়ায় সিলেট টেস্ট থেকে ছিটকে যান সাদমান। সিলেটে বৃহস্পতিবার দলের অনুশীলনে এলেও ব্যাট করতে দেখা যায়নি তাকে। দলের ফিজিও বায়জেদিুল ইসলাম খান জানান, “মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ নেওয়া সময় সাদমানের বুকে আঘাত লাগে। তার বুকের আঘাত বেশ গুরুতর এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত, তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।”

এদিকে হালকা চোট আছে মাহমুদুল হাসান জয়ের। মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময়ই আঙুলের হাড় নড়ে যায় তার। তবে সিলেটে বৃহস্পতিবার নেটে ব্যাটিং করেন এই ওপেনার। স্কোয়াডে আগে থেকেই ছিলেন তানজিদ হাসান তামিম। 

টিম ম‌্যানেজমেন্ট এখনও একাদশ ঠিক করেনি। জাকিরকে দলে যুক্ত করা হয়েছে ব‌্যাকআপ ওপেনার হিসেবে। কনকাসান সাবের প্রয়োজন হলে বাড়তি ব্যাটসম‌্যান লাগবে। সতর্কতার জন‌্য জাকিরকে নেওয়া। 

জাকির ঢাকায় প্রিমিয়ার লিগ খেলায় ব‌্যস্ত ছিলেন। লিগের চার ম্যাচের একটিতে ১৩৭ এবং একটিতে ৭৪ রান করেছিলেন। বেশ ভালো ফর্মে আছেন তিনি। বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট খেলেছেন তিনি।

ভারতের বিপক্ষে ২০২২ সালে টেস্টে সেঞ্চুরি আছে তার। কিন্তু ধারাবাহিকতার ঘাটতি থাকায় জাতীয় দলে জায়গা হারান তিনি।