আন্তর্জাতিক

চীন ও যুক্তরাষ্ট্র অংশীদার হওয়া উচিত: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সহযোগিতা থেকে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই লাভবান হবে। তাই দুই দেশের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত।

বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে তিনি এ কথা বলেছেন।

নৈশভোজের আগে দেওয়া ভাষণে ট্রাম্প ও অন্যান্য অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি শি এই সফরকে একটি ‘ঐতিহাসিক সফর’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ উভয়ই মহান জাতি। চীনা জাতির মহান পুনরুজ্জীবন অর্জন ও আমেরিকাকে পুনরায় মহান করে তোলার কাজ একসাথেই চলতে পারে।”

শি জানান, তিনি ও ট্রাম্প চীন-মার্কিন সম্পর্ককে ‘সাধারণত স্থিতিশীল’ রেখেছেন।

চীনা প্রেসিডেন্ট বলেছেন, “আজ, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি চীন-মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গতিপ্রকৃতি নিয়ে গভীর আলোচনা করেছি। আমরা উভয়েই বিশ্বাস করি যে, চীন-মার্কিন সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। আমাদের অবশ্যই এটিকে সফল করতে হবে এবং কখনোই নষ্ট করা যাবে না।”

বৃহৎ অর্থনীতির দুই দেশের সম্পর্ক অংশীদারিত্বমূলক হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, “সহযোগিতা থেকে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই লাভবান হবে এবং সংঘাত থেকে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দুই দেশের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত।”