আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। সেখানে অভিযোগ করা হয় যে, ইসরায়েলি কারারক্ষী ও সেনারা ফিলিস্তিনি বন্দিদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালাচ্ছে। 

এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনটিকে ‘আধুনিক গণমাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশিত এ যাবৎকালের সবচেয়ে জঘন্য ও বিকৃত মিথ্যাগুলোর একটি’ বলে অভিহিত করেছে।

সোমবার প্রকাশিত এনওয়াইটি-র এই তদন্ত প্রতিবেদনটি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ১৪ জন নারী-পুরুষের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি। এই নারী-পুরুষরা জানিয়েছেন, তারা ইসরায়েলি বসতি স্থাপনকারী বা সেনাদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার নেতানিয়াহু এক্স-এ এক পোস্টে লিখেছেন, “আজ আমি আমার আইনি উপদেষ্টাদের দ্য নিউইয়র্ক টাইমস এবং নিকোলাস ক্রিস্টফের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছি। তারা ইসরায়েলের সেনাদের মানহানি করেছে এবং ধর্ষণের বিষয়ে একটি রক্তাক্ত অপবাদ ছড়িয়েছে, হামাসের গণহত্যায় লিপ্ত সন্ত্রাসী এবং ইসরায়েলের বীর সেনাদের মধ্যে একটি মিথ্যা সমতা তৈরির চেষ্টা করেছে। আমার নেতৃত্বে, ইসরায়েল চুপ থাকবে না। আমরা জনমতের আদালতে এবং আইনের আদালতে এই মিথ্যার বিরুদ্ধে লড়ব।”