সারা বাংলা

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের ১ জনের মৃত্যু 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম শঙ্কর (২৫)।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর তথ্য জানান। তিনি জানান, শঙ্করের শরীরের ৪৬ শতাংশ পুড়ে যায়। শ্বাসনালীও দগ্ধ হয়। এ দুর্ঘটনায় দগ্ধ ছয়জনকে বুধবার (১৩ মে) ছুটি দেওয়া হয়। পাঁচজন ভর্তি রয়েছে।

দগ্ধ অন্যরা হলেন, নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

দগ্ধদের সহকর্মীরা জানান, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার দুপুরে ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন। তখন ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে শংকর, আমির, কাওছার ও আলআমিন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এ দুর্ঘটনা ঘটে।