মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আটক সোহাগ ফকির (৩৫) নামে এক যুবক প্রমাণ নষ্ট করতে ৩১ পিস ইয়াবা গিলে ফেলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৪ মে) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহাগ মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার মোফাজ্জেল ফকিরের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সোহাগকে আটক করে। এ সময় তিনি নিজের কাছে থাকা ৫০ পিস ইয়াবার মধ্যে ৩১টি গিলে ফেলেন। কিছু সময় পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাঈম বলেন, “সোহাগের কাছে মোট ৫০ পিস ইয়াবা ছিল। আমরা গুনে দেখি ১৯ পিস রয়েছে। অসুস্থ হয়ে পড়লে তিনি স্বীকার করেন, বাকি ৩১ পিস ইয়াবা গিলে ফেলেছেন।”
তিনি আরো বলেন, “বর্তমানে সোহাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”