কক্সবাজারের রামুতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আব্দুল মাজেদ (৪৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ওমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৫ মে) র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আব্দুল মাজেদ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার গনি সওদাগর পাড়ার মৃত গোলাম সোবহানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে চট্টগ্রামের মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় আব্দুল মাজেদের বিরুদ্ধে মামলা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
র্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারের রামু উপজেলার পূর্ব ওমখালী এলাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পালানোর চেষ্টাকালে আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।