নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত বড় ভাই পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
নিহত মো. মোহন (৩২) ফতুল্লার চট্টলার মাঠ এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) মাদকে আসক্ত ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই পরিবারে কয়েকদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার একপর্যায়ে চট্টলার মাঠ তার ছোট ভাইকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরিবারের অপর সদস্যরা মোহনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ওসি মাহবুব।
ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা বটি উদ্ধার করেছে। তবে, অভিযুক্ত পালিয়ে গেছেন।
ফতুল্লা থানার ওসি মাহাবুব আলম সাংবাদিকদের বলেছেন, “পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”