সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় শ্রমিক নেতাদের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী ১৯ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে নেতারা জানিয়েছেন, আগামী ১৮ মে’র মধ্যে মামলা প্রত্যাহার না হলে ১৯ মে থেকে সিলেট বিভাগজুড়ে বাস, মিনিবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও কাভার্ডভ্যানসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
সভায় জানানো হয়, গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত দুই শ্রমিক পরে মারা যান। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলা হয়েছে।
মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতপরিচয় আরো ৬০ জনকে আসামি করা হয়েছে।
শ্রমিক নেতারা দাবি করেন, ঘটনার সময় ফেডারেশনের শীর্ষ নেতারা কদমতলীতে উপস্থিত ছিলেন না। তারা নাজিরবাজার এলাকায় শ্রমিক সংগঠনের নির্বাচন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে তারা ঘটনাস্থলে যান।
নেতারা অভিযোগ করেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের নেতৃত্বকে ‘অন্যায়ভাবে হয়রানি’ করা হচ্ছে।
তারা বলেন, এই মামলা শ্রমিকদের ঐক্য বিনষ্টের চেষ্টা এবং এর মাধ্যমে পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে তদন্তের আগেই নিরপরাধ নেতাদের আসামি করাকে তারা দুঃখজনক হিসেবে উল্লেখ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় বিভিন্ন জেলার শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।