সারা বাংলা

১৭ বছরের বঞ্চনা থেকে বের হতে হবে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। সেই অবস্থা থেকে বের হয়ে এসে এখন উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার।”

শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে চন্দ্রগঞ্জ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “কেউ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। ইউনিয়নভিত্তিক উন্নয়ন করা হবে। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, চাইলে উন্নয়ন সম্ভব।”

দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, “দেশের ও এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সমালোচনার সুযোগ না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

মন্ত্রী লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিআরডিবির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ভুঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়াসহ দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।