সারা বাংলা

বাগেরহাটে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামীম মৃধা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিউধরা গ্রামে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, হামলাকারীরা নগদ ৫ লাখ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। 

ভুক্তভোগী শামীম মৃধা একই গ্রামের ইসমাইল হোসেন মৃধার ছেলে। জিউধরা বাজারে তার আফিফ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।  

শামীম মৃধার স্ত্রী সুমি বেগম জানান, জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ ইউসুফ মৃধার সঙ্গে বিরোধ ছিল। বৃহস্পতিবার ইউসুফ মৃধার নেতৃত্বে দাউদ মৃধা, গিয়াস মৃধাসহ ৪০-৫০ জন লোক তাদের বাড়িতে প্রবেশ করে। তারা পেছন থেকে তার স্বামীকে হামলা করে ও ব্যাগে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি খামারে থাকা হাস মুরগি জবাই করে বস্তায় ভরে নিয়ে যায়। লুটপাট ও ভাঙচুর শেষে বসত ঘরে আগুন দিয়ে চলে যায় হামলাকারীরা। 

ব্যবসায়ী শামীম মৃধা বলেন, “এমন ন্যাক্কারজনক হামলা করবে তা কখনো ভাবিনি। লুটপাট করে আমাকে আর্থিকভাবে শেষ করে দিয়েছে।” হামলার বিচার এবং লুটে নেওয়া সম্পদ ফেরত পেতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

অভিযুক্ত ইউসুফ মৃধা বলেন, “শামীম মৃধা আমার ভাইয়ের ছেলে। আমার সম্পত্তির মধ্যে তারা ঘর তৈরি করতে চেয়েছিল। বাঁধা দিলে তারা শোনেনি। পরে আমার ছেলে ও তার বন্ধুরা একত্রিত হয়ে ঘরটি ফেলে দেয়। লুটপাটের ঘটনা সেখানে ঘটেনি।” 

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”