জাতীয়

মাজারে হামলার প্রতিবা‌দে ইসলামী ফ্রন্টের বি‌ক্ষোভ, জ‌ড়িত‌দের গ্রেপ্তার দা‌বি

ঢাকার মিরপুরে হজরত শাহ আলী (রাহ.) এর মাজার প্রাঙ্গণে হামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে বাংলা‌দেশ ইসলামী ফ্রন্ট। সমা‌বেশ থে‌কে হামলার ঘটনায় জ‌ড়িতদের গ্রেপ্তারের দা‌বি জানা‌নো হ‌য়। 

শনিবার (১৬ মে) সকা‌লে জাতীয় প্রেসক্লা‌বের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরীর উদ্যোগে দ‌লের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে সঞ্চালনায় প্রধান অতিথি ছি‌লেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ।

তি‌নি বলেন, “ইন্ট্রিম সরকারের আমল থেকে চলে আসা মব সন্ত্রাসের রাজত্ব নির্বাচিত সরকারের আমলেও পুনারাবৃত্তি হবে এটা কখনও মেনে নেওয়া যায় না। ইউনূস সরকারের উপর তৌহিদী জনতা নামে যে ভূত চেপে বিভিন্ন মাজারে হামলা করেছে তারাই হজরত শাহ আলী বাগদাদী (রাহ.) এর মাজার প্রাঙ্গনে হামলা করেছে। তৌহিদী জনতা নাম দিয়ে কখনও হেফাজতিরা, কখনও জামাতিরা এসব হামলার সাথে সরাসরি জড়িত। এসব হামলাকারী‌কে দ্রুত গ্রেপ্তার কর‌তে হ‌বে।”

হজরত শাহ আলীর মাজারে হামলার পেছনে স্থানীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ হাত আছে দাবি করে সামাদ বলেন, “পুলিশ প্রশাসন বলছে তারা কোন অভিযান পরিচালনা করেননি আর স্থানীয় সংসদ সদস্য বলছেন প্রশাসন অভিযান চালিয়েছে। প্রশাসন এবং সংসদ সদস্যের দ্বিমুখি বক্তব্য প্রমাণ করে এটা ওই গোষ্টীর পরিকল্পিত হামলা।” তাদের মুখোশ জাতির কাছে উম্মোচিত হয়ে গেছে ব‌লেও দাবি করেন তিনি। 

দ‌লের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দীন নুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ইসলাম উদ্দীন দুলাল, নাসির উদ্দীন মাহমুদ,  ইসলামী যুবসেনার সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, ইঞ্জিনিয়ার আলম জালালী, মোহাম্মদ আনোয়ার হোসেন, আব্দুল হাই আমজাদী, মুহিব্বুল্লাহ জালালী প্রমুখ। 

সমা‌বেশের পর প্রেসক্লা‌ব থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়। মি‌ছিল‌টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ ক‌রে শেষ হয়।