জাতীয়

‘মধ্যস্বত্বভোগী কমলে হজের খরচ কমবে’

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা গেলে হজের খরচ ক‌মি‌য়ে আনা সম্ভব বলে জা‌নি‌য়ে‌ছেন হজ এজেন্সিস অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।

হজের সার্বিক পরিস্থিতি নি‌য়ে শনিবার (১৬ মে) ঢাকার আশকোনায় হাজী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তি‌নি।

হাব সভাপতি বলেন, “২০২৭ সালে হজযাত্রার বিমানের টিকিট মূল্য কমে ১ লাখে আসবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট খরচ কমে আসবে।” 

হা‌বের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “দ্রুত  মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচনের কাজ করতে হলেও শেষ পর্যন্ত সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন করা গেছে। সব চ্যালেঞ্জ মাথায় নিয়েও মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে।” 

সৌদি সরকারের বেশকিছু নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও জানান তি‌নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮, ৫০০ জনের হজ পালনের কথা র‌য়ে‌ছে। 

গত ১৮ এপ্রিল রাতে শুরু হয়েছে হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। প্রাক-হজ ফ্লাইট ২১ মে পর্যন্ত চলবে এবং ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হবে।