সারা বাংলা

চাঁদপুরের শাহরাস্তিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সড়কপথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে তিনি গাড়িবহর নিয়ে এখানে প্রবেশ করেন।

এই উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। 

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, তারেক রহমান সেখান থেকে সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। চাঁদপুর সার্কিট হাউজে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেবেন। পরে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে তারেক রহমানের। সফর শেষে রাতে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, হাইমচরে ৭ থেকে ৮ হাজার একর জমির মধ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হবে। লক্ষাধিক লোকের কর্মসংস্থানের জন্য চাঁদপুর সদর বা যেকোনো উপজেলায় ২৫০ একর জমিতে একটি ইপিজেড, চাঁদপুরের মতলব উত্তর হতে হাইমচর পর্যন্ত নদীরক্ষা বাঁধসহ বেশ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিপুল সংখ্যক লোক মানুষ জমায়েত হয়েছেন বলে জানা গেছে।