ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সৌন্দর্য নিয়ে ভক্ত-দর্শকদের মুগ্ধতার শেষ নেই। এবার তার রূপের প্রশংসা করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোবিজ অঙ্গনের সৌন্দর্যচর্চা, প্লাস্টিক সার্জারি ও অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে খোলামেলা কথা বলেন তমা। সেখানেই বর্তমান সময়ের অভিনেত্রীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি।”
চলচ্চিত্র অঙ্গনে তারকাদের সৌন্দর্য ধরে রাখতে নানা ধরনের কসমেটিক ট্রিটমেন্ট কিংবা অ্যাস্থেটিক পদ্ধতি ব্যবহারের বিষয়টি নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এসব নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায়। সেই প্রসঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করেন তমা মির্জা।
তিনি বলেন, “আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই। আমি তাদের বিপক্ষে, যারা বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়েও সেটা লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনকার আমি দেখলেই পরিবর্তন বোঝা যায়।”
নিজের পরিবর্তনের বিষয়েও অকপট এই অভিনেত্রী। তার ভাষ্য, বয়সের সঙ্গে মানুষের স্বাভাবিক পরিবর্তন হওয়া আলাদা বিষয়, তবে কিছু পরিবর্তন সহজেই বোঝা যায় এবং সেটি অস্বীকার করার কিছু নেই। তমা আরও বলেন, “হয়তো কথা শুনতে হবে যে আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। কিন্তু তাই বলে অস্বীকার করার কিছু নেই। আমার খারাপ লাগে যখন মানুষ বিষয়টা লুকানোর চেষ্টা করে।”
অনুষ্ঠানে তিনি আরও জানান, বর্তমানে শুধু নারীরাই নন, পুরুষ তারকারাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক পদ্ধতির দিকে ঝুঁকছেন।