রাজনীতি

‘শুধু আলোচনার টেবিলে বসে পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব নয়’

ফারাক্কা ইস্যু প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুধু আলোচনার টেবিলে বসে পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব নয়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ও জনমতের চাপ সৃষ্টি করতে হবে। জনগণের কণ্ঠ যত বেশি উচ্চকিত হবে, তত কঠিন সমস্যার সমাধান সহজ হবে।

দেশে এখন পানি সংকট, পরিবেশ বিপর্যয় এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান—এই তিনটি বড় সমস্যা সামনে এসেছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাম্প্রদায়িক উসকানি ও আগ্রাসী বক্তব্য দেশের জন্য অশনি সংকেত উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিবেশী দেশের কিছু রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ তৈরি করছে। তবে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষপাতী হলেও কোনো ধরনের দাসত্ব বা দেশের অস্তিত্ব বিলীন হওয়ার সুযোগ দেওয়া হবে না।  

তিনি আরো বলেন, আমরা কারও সঙ্গে ঝগড়া করতে চাই না। কিন্তু তাই বলে দেশের স্বাধীনতা ও অস্তিত্ব বিসর্জন দেওয়া সম্ভব নয়। দেশের মানুষকে সজাগ থাকতে হবে।

ফারাক্কা লংমার্চ ছিল পানির ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলন। সেই আন্দোলনের চেতনা এখনও প্রাসঙ্গিক। বর্তমান পরিস্থিতিতে পানি সংকট, পরিবেশ বিপর্যয় ও সাম্প্রদায়িক অস্থিরতা একসঙ্গে বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি ছিলেন আব্দুল মইন খান এমপি, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,  ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু,  বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালি।