সারা বাংলা

শেরপুরে হাম উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৬০ রোগী

শেরপুরে হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাস বয়সী সাফুয়াত মারা গেছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সাফুয়াত ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে।

হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দুপুরে শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এ সব তথ্য জানিয়েছেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে সাফুয়াত জ্বর ও শরীরে গুটি নিয়ে অসুস্থ ছিল। শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার সকালে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় আড়াই ঘণ্টার মাথায় শিশুটি মারা যায়।

শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, ‘‘তিন দিন ধইরা জ্বর আছিল, শরীরে ফুসকুড়িও উঠছিল। পরে আজ সকালে হাসপাতালে নিলে ভর্তি করার পরই মারা যায়।’’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুন নাহার বলেন, জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে শিশুটির বাবার আর্থিক সংকট থাকায় সেখানে নেওয়া সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, ভর্তির দুই ঘণ্টার মধ্যে শিশুটির মৃত্যু হয়।