ওয়ালটন স্মার্টফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ শনিবার জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আর হার মেনেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মিরপুরে আবাহনী ৪ উইকেটে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে।
মোহামেডান আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রান করে। জবাবে শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরিতে ভর করে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। দীপু ১২৩ বলে ১০টি চার ও ২ ছক্কায় ১১৮ রান করেন। এছাড়া আকবর আলী ৪০, মাহমুদউল্লাহ ৩৬, আরিফুল ইসলাম ৩১ রান করেন।
বল হাতে মোহামেডানের মোহাম্মদ সাইফউদ্দিন ৪টি, মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি ও নাঈম আহমেদ ১টি উইকেট নেন।
তার আগে মোহামেডানের ইনিংসে নাঈম শেখ মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ১০৭ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৯৯ রান করেন। এছাড়া পারভেজ হোসেন ইমন ৫২, আফিফ হোসেন অপরাজিত ৪৯ রান করেন।
বল হাতে প্রাইম ব্যাংকের আবু হাসিম ৯ ওভারে ১ মেডেনসহ ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেন।
মিরপুরে আবাহনীর বিপক্ষে মামুলি সংগ্রহ পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। আমিনুল ইসলামের ৮১ রানের ইনিংসে ভর করে তারা ৯ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে। আমিনুল ছাড়া নাহিদুল ইসলাম করেন ৬৩ রান। শহিদুল ইসলাম করেন ২৩ রান। বাকিদের কেউ ১৪ রানের বেশি করতে পারেনি।
বল হাতে আবাহনীর রোহানাত দৌল্যা বর্ষণ ৯ ওভারে ২ মেডেনসহ ৩৪ রানে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন।
রান তারা করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে আবাহনী চাপে পড়লেও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৫৭ ও সাব্বির রহমানের অপরাজিত ৫০ রানে ভর করে ৩৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। জাকের আলী করেন ৪৩ রান।
বল হাতে রুয়েল মিয়া ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।
ক্রিকেটার্স একাডেমিতে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ঢাকা লিওপার্ডস। মোহাম্মদ মিথুনের সেঞ্চুরিতে (১১২) ভর করে লেওপার্ডস ৭ উইকেটে ৩৫১ রান করে। এরপর লেওপার্ডসের বোলিং তোপে ৪১.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। তাদের গোলাম কিবরিয়া ৫১, ময়নুল ইসলাম দিপ ৩৬ ও শরিফুল ইসলাম করেন ৩৩ রান। বল হাতে লেওপার্ডসের আলাউদ্দিন বাবু ও শেখ পারভেজ জীবন ৩টি করে উইকেট নেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। রূপগঞ্জ আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৬ রান করে। জবাবে ৩৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে সিটি ক্লাব।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশান ক্লাবকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির ১১৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৫৪ রান সংগ্রহ করে। এরপর নাসুম আহমেদের বোলিং তোপে ৩১.৩ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় গুলশান ক্লাব। নাসুম ১০ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ৪টি উইকেট নেন।
বিকেএসপির আরেক মাঠে নাসির হোসেনের ব্যাটে ভর করে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। গাজী গ্রুপ আগে ব্যাট করে ৮ উইকেটে ২৫২ রান করে। জবাবে অগ্রণী ব্যাংক ৪৮.৫ ওভারে ২৫৩ রান করে জয় নিশ্চিত করে। নাসির ৭৯ বলে অপরাজিত ৭৮ রান করে জয় নিশ্চিত করেন।