রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দীন।
তিনি বলেন, “আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ বাচ্চুকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুন মাসে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি। চলতি বছরের ৯ এপ্রিল এই মামলায় রায় হয়। রায়ে এই মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে গত বছরের ৩০ জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।