সারা বাংলা

নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলা থেকে নিখোঁজের পাঁচদিন পর আরিক মিয়া (১২) নামে এক কিশোরের মরদেহ কিশোরগঞ্জের ইটনা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় কিশোরটির গলায় ইট ও কোমরে বালির বস্তা বাঁধা ছিল।

আরিক মিয়া নেত্রকোণার জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১১ মে রাতে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

শনিবার বিকেলে পার্শ্ববর্তী ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি আরিকের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

ইটনা থানার ওসি সোহেব মিয়া বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এছাড়া, তার গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”