মেহেরপুরের গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে একটি বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার(১৭ মে) সকালে কাজীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার বজলুর বাড়ির গেটের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, “সাদা টেপ মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
কাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, “ইউসুফ আলী একসময় প্রবাসে থাকলেও এখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। রাতের আঁধারে কে বা কারা তার চাচাতো ভাই বজলুর রহমানের বাড়ির গেটের সামনে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে যায়। চিরকুটটি ইউসুফ আলী ও তার ছেলেকে উদ্দেশ্য করে লেখা।”
চিরকুটে লেখা রয়েছে, “ইউসুফ ৫ লাখ টাকা দিবি, না দিলে তোকে ও তোর ছেলেকে হত্যা করা হবে।”