শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার কুপন বেয়ারিং বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে টেকনো ড্রাগস।
রবিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদের ১৯৬তম সভায় ৫ বছর মেয়াদি ৫০ কোটি টাকার কুপন বেয়ারিং বন্ড ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। কোম্পানির লোন রিস্ট্রাকচারিং (পুনর্গঠন) করতে এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। বন্ডের মধ্যে ২৫ শতাংশ রিডিমেবল এবং ৭৫ শতাংশ কনভার্টেবল থাকবে। অর্থাৎ বন্ডের একটি অংশ নির্দিষ্ট সময় শেষে নগদে পরিশোধ করা হবে, আর বড় অংশটি নির্ধারিত শর্তসাপেক্ষে ভবিষ্যতে কোম্পানির শেয়ারে রূপান্তর করা যাবে। শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেবে টেকনো ড্রাগস।
ইজিএম হাইব্রিড পদ্ধতিতে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আগামী ২৪ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডাররা সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইজিএম এ যুক্ত হতে পারবেন।এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১০ জুন নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটে যেসব শেয়ারহোল্ডারের নামে কোম্পানির শেয়ার থাকবে, তারাই ইজিএমে অংশগ্রহণ নিতে পারবেন।
বন্ডটির ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেডকে নিয়োগ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।