জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম পদত্যাগ করেছেন। রবিবার (১৭ মে) বিকেলে তিনি এই তথ্য জানিয়েছেন।
সর্দার আমিরুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘আমি মধ্যপন্থা রাজনীতির আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে এসেছিলাম। কিন্তু আমার এখন মনে হচ্ছে, দল এখন সেই অবস্থানে নেই। তাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’’
তিনি আরো বলেন, গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ নিয়ে মধ্যপন্থা রাজনীতির নয়াশক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হন। কিন্তু নির্বাচনকালীন ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত তার উৎসাহ-উদ্দীপনা ম্রিয়মাণ করে। তবে এই সিদ্ধান্তকে রণকৌশল বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম অব্যাহত রাখেন।
তিনি বলেন, কিন্তু নির্বাচন পরবর্তী সময়েও দলে ডানপন্থার বাড়ন্ত লক্ষ্য করেন। ফলশ্রুতিতে শেষ দুই মাস রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকেন এবং দলের শীর্ষস্থানীয় নেতা বরাবর পদত্যাগপত্র পেশ করেন। তিনি পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে পুনর্বিবেচনা করতে বলেন।
সর্দার আমিরুল ইসলাম বলেন, ‘‘অত্যন্ত পরিতাপের বিষয় এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশা ভঙ্গের এই পরিস্থিতিতে এবং দলের রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’’
সর্দার আমিরুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৭ সালের আগস্টে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। গত বছরের জুন মাসে তিনি এনসিপিতে যুক্ত হন।