জাতীয়

ওষুধ আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান খাদ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য বেশি হারে আমদানির জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

রবিবার (১৭ মে) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য বর্ধিত হারে আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে। এ সব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সহযোগিতা চান তিনি।

খাদ্য প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ ও শিক্ষা-গবেষণা সুবিধা বাড়ানোরও অনুরোধ করেন।

বৈঠকে হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘ দিনের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

সাক্ষাতে খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, নিউজিল্যান্ডের কাউন্সিলর মেলানি ফিলিপস, অনারি কাউন্সিল শামসুল আলম মল্লিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।