খেলাধুলা

চেলসির নতুন যুগের শুরু, স্ট্যামফোর্ড ব্রিজে দায়িত্ব নিলেন জাবি

দীর্ঘদিন ধরে নতুন পথ খুঁজছিল চেলসি। ধারাবাহিকতা, সাফল্য আর স্থিতিশীলতার খোঁজে থাকা লন্ডনের ক্লাবটি এবার দায়িত্ব তুলে দিল আধুনিক ফুটবলের অন্যতম মেধাবী কোচ জাবি আলোনসোর হাতে। নতুন প্রধান কোচ হিসেবে স্প্যানিশ এই কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে চেলসি।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে দায়িত্ব শুরু করবেন আলোনসো। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন তিনি।

আধুনিক ফুটবলের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয় আলোনসোকে। খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন অসাধারণ, কোচ হিসেবেও তেমনি দ্রুত নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেনের সঙ্গে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে লেভারকুসেনকে ক্লাব ইতিহাসের প্রথম লিগ শিরোপা এনে দিয়ে পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন এই স্প্যানিশ কোচ।

চেলসির মতে, আলোনসোর অভিজ্ঞতা, কোচিং দর্শন, নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব এবং সততাই তাকে নিয়োগ দেওয়ার বড় কারণ। ক্লাবটি বিশ্বাস করে, নতুন যুগে দলকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব গুণই রয়েছে তার মধ্যে।

দায়িত্ব পাওয়ার পর আলোনসো বলেন, “চেলসি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। এই মহান ক্লাবের কোচ হতে পারা আমার জন্য ভীষণ গর্বের।”

তিনি আরও বলেন, “ক্লাবের মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের সঙ্গে আলোচনায় পরিষ্কার হয়েছে যে আমাদের লক্ষ্য এক। আমরা এমন একটি দল গড়তে চাই, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।”

বর্তমান স্কোয়াডের প্রতিভা নিয়েও আশাবাদী আলোনসো। তার মতে, এই দলে অনেক সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়াই এখন তার বড় দায়িত্ব।

আলোনসোর ভাষায়, “এই ক্লাবের দলে দারুণ প্রতিভা আছে। এই দলকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য বড় সম্মানের। এখন মূল লক্ষ্য কঠোর পরিশ্রম, সঠিক সংস্কৃতি গড়ে তোলা এবং শিরোপা জেতা।”

গত কয়েক মৌসুম ধরে প্রত্যাশামতো সাফল্য পাচ্ছিল না চেলসি। কোচ পরিবর্তন, অনিয়মিত পারফরম্যান্স ও অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হয়েছে ক্লাবটিকে। তাই আলোনসোর আগমনকে নতুন শুরুর বার্তা হিসেবেই দেখছেন সমর্থকেরা।

চেলসিও জানিয়েছে, আলোনসোর সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আত্মবিশ্বাসী তারা। ক্লাবের ইতিহাসের মতো ভবিষ্যতেও স্ট্যামফোর্ড ব্রিজে সাফল্যের ধারাবাহিকতা ফিরিয়ে আনাই এখন তাদের প্রধান লক্ষ্য।