সারা বাংলা

ডুয়েটে অচলাবস্থা, ভিসি ইস্যুতে পঞ্চম দিনে গড়াল আন্দোলন

নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চলা আন্দোলন পঞ্চম দিনে গড়াল। সোমবার (১৮ মে) চলছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। 

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকে শিক্ষার্থীরা মূল ফটক বন্ধ করে রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আজও ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তারা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে বলে জানা গেছে।  

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবারে শিক্ষার্থীরা ডুয়েটের মধ্যে বিক্ষোভ করে, একপর্যায়ে তারা জয়দেবপুর শিমুলতলী সড়ক অবরোধ করে। শুক্রবারেও তাদের আন্দোলন চলমান ছিল। শনিবারে তারা ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিবির সমর্থিত ও ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বহিরাগতরা এই আন্দোলনে প্রবেশ করলে রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।

শিক্ষার্থীদের দাবি, ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আমিনুল ইসলাম জানান, ডুয়েটের সামনে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে। আজ পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক রয়েছে।”